আইপিএলে খেলার গুঞ্জন উড়িয়ে দিলেন মোহাম্মদ আমির


, আপডেট করা হয়েছে : 03-11-2026

আইপিএলে খেলার গুঞ্জন উড়িয়ে দিলেন মোহাম্মদ আমির

আইপিএলে খেলার সমস্ত জল্পনা-কল্পনার অবসান ঘটিয়েছেন পাকিস্তানের সাবেক বাঁহাতি পেসার মোহাম্মদ আমির। আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)-এ অংশ নেওয়ার কোনো পরিকল্পনা বা সম্ভাবনা নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন তিনি।

সম্প্রতি আমির ব্রিটিশ নাগরিকত্ব লাভ করায় এবং আফগানিস্তান প্রিমিয়ার লিগে (এপিএল) ব্রিটিশ নাগরিক হিসেবে নাম নিবন্ধন করায় ক্রিকেট মহলে গুঞ্জন শুরু হয়েছিল যে, তিনি হয়তো আইপিএলেও খেলার সুযোগ পেতে পারেন। তবে সব জল্পনা উড়িয়ে দিয়ে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে তিনি স্পষ্ট করে লিখেছেন, "আমি স্পষ্ট করে জানাতে চাই, আইপিএল নিয়ে ছড়িয়ে পড়া খবর সত্য নয়।" এছাড়া ক্রিকবাজকে দেওয়া বক্তব্যেও তিনি পরিষ্কার করেছেন যে, আইপিএলের আসন্ন নিলামে তিনি নিজের নাম তুলছেন না।

উল্লেখ্য, এর আগে ২০১২ থেকে ২০১৫ সালের মধ্যে পাকিস্তানের সাবেক অলরাউন্ডার আজহার মাহমুদ ব্রিটিশ নাগরিক হিসেবে আইপিএলে খেলেছিলেন। ২০০৮ সালের প্রথম আসরে পাকিস্তানি ক্রিকেটারদের দেখা গেলেও পরবর্তীতে ভারত-পাকিস্তান রাজনৈতিক সম্পর্কের কারণে আইপিএলে পাকিস্তানি খেলোয়াড়দের অংশগ্রহণ বন্ধ রয়েছে।

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেও বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে নিয়মিত খেলে চলেছেন ৩৪ বছর বয়সী এই অভিজ্ঞ পেসার, যিনি পাকিস্তানের হয়ে ৩৬টি টেস্ট, ৬১টি ওয়ানডে ও ৬২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন।


সম্পাদকমন্ডলীর উপদেষ্টা -বীর মুক্তিযোদ্ধা মোঃ হারুন অর রশিদ, সম্পাদক -মো:এনায়েত হোসেন, সহযোগী সম্পাদক- এইচ এম মানিক

উপ-সম্পাদক- ইঞ্জিনিয়ার গোলাম ফারুক ওবি,বার্তা সম্পাদক- সবুজ ইসলাম, লিগ্যাল এডভাইজার- এডভোকেট শামীমা আক্তার।