মাদক কারবারে পারিবারিক সম্পর্কের আড়ালে এক চাঞ্চল্যকর সিন্ডিকেটের সন্ধান মিলেছে বরগুনার আমতলীতে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ এক দম্পতিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে গেছেন তাদের মেয়ের জামাই।
মঙ্গলবার (৩ নভেম্বর) ভোরের দিকে আমতলী থানার কুকুয়া ইউনিয়নের পূর্ব চুনাখালী এলাকায় সাবিনের বাড়িতে এ অভিযান পরিচালিত হয়।
গ্রেফতারকৃতরা হলেন— মোসা. কহিনুর (৪০) ও তার স্বামী মো. সেলিম প্যাদা (৫৫)। আর পালিয়ে যাওয়া মূল অভিযুক্ত তাদের মেয়ের জামাই মো. সবুজ মৃধা (৩২)।
পুলিশের দেওয়া বিবরণ অনুযায়ী, সোমবার রাতে ডিবি পুলিশের একটি বিশেষ দল ওই বাড়িতে হানা দেয়। এ সময় সেলিম প্যাদা ও তার স্ত্রী কহিনুরকে আটক করা সম্ভব হলেও জামাই সবুজ মৃধা পালিয়ে যান। পরে কহিনুরের শরীর তল্লাশি করে তাঁর পরিহিত পোশাকের ভেতর থেকে ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এরপর তাঁর দেওয়া স্বীকারোক্তি ও তথ্যের ভিত্তিতে রান্নাঘরে লুকিয়ে রাখা কসটেপ ও পলিথিনে মোড়ানো আরও ৪ হাজার ৫০০ পিস ইয়াবা জব্দ করা হয়।
সব মিলিয়ে উদ্ধারকৃত ৪ হাজার ৭০০ পিস ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১৪ লাখ ১০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ। এছাড়া মাদক বহনের কাজে ব্যবহৃত বিভিন্ন প্যাকেটিং সরঞ্জামও জব্দ করা হয়েছে।
এ বিষয়ে বরগুনার পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা জানান, বরগুনা জেলাকে মাদকমুক্ত করতে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। সাধারণ মানুষের ছদ্মবেশ বা পারিবারিক পরিচয়ের আড়ালে যারা এই কারবার চালাচ্ছেন, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না।
এ ঘটনায় গ্রেফতারকৃত ও পলাতক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী আমতলী থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পলাতক সবুজ মৃধাকে গ্রেফতারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।