গাজীপুর শিল্পাঞ্চলে শ্রমিকদের নানা আন্দোলন ও অস্থিরতা বিরাজ করলেও সম্পূর্ণ শান্ত রয়েছে টঙ্গী শিল্পাঞ্চল। টঙ্গী বিসিকে উৎপাদন স্বাভাবিক ও সচল রাখতে এবং যেকোনো ধরনের নাশকতা এড়াতে সতর্ক পাহারা বসিয়েছে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলো। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীও কঠোর অবস্থানে রয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) সরেজমিনে টঙ্গী বিসিক এলাকা ঘুরে এসব চিত্র দেখা গেছে।
ميدানে সতর্ক অবস্থান ও মহড়া: সকাল থেকেই টঙ্গী বিসিকের বিভিন্ন মোড়ে এবং কারখানার সামনে অবস্থান নিয়ে পাহারা দিচ্ছেন বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। গত তিন দিন ধরেই ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দফায় দফায় মিছিল করছেন তারা। এর অংশ হিসেবে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা মহাসড়কে মোটরসাইকেল নিয়ে মহড়া দেন। টঙ্গী বাজার থেকে শুরু করে স্টেশন রোড, মিলগেট, চেরাগালী, হোসেন মার্কেট হয়ে গাজীপুরা পর্যন্ত প্রায় শতাধিক মোটরসাইকেল নিয়ে এই মহড়া পরিচালিত হয়। এছাড়া ছাত্রদলের নেতাকর্মীরাও মহাসড়কে পৃথক মিছিল করেছেন।
নেতাকর্মীদের বক্তব্য: দুপুর সাড়ে ১২টার দিকে টঙ্গী বিসিক মোড়ে অবস্থানকালে স্বেচ্ছাসেবক দল গাজীপুর মহানগরের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সাথী জানান, শিল্পখাতে নৈরাজ্য সৃষ্টিকারীদের রাজনৈতিকভাবে মোকাবিলা করতে তারা রাজপথে সক্রিয় রয়েছেন।
টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন ও সাধারণ সম্পাদক গাজী সালাউদ্দিন বলেন, বর্তমানে টঙ্গীতে কোনো ধরনের বিশৃঙ্খলা নেই। শিল্প খাতকে টিকিয়ে রাখতে তারা যেকোনো নাশকতা মোকাবিলায় প্রস্তুত রয়েছেন।
আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা: টঙ্গী বিসিকের সার্বিক পরিস্থিতি নিয়ে টঙ্গী পশ্চিম থানার ওসি আরিফুল ইসলাম জানান, বর্তমানে টঙ্গী বিসিক সম্পূর্ণ শান্ত রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও পুরো এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে এবং এখন পর্যন্ত টঙ্গীতে কোনো শ্রমিক আন্দোলনের ঘটনা ঘটেনি।