নওগাঁর মান্দা উপজেলায় আনুমানিক ৪৫ বছর বয়সী এক অজ্ঞাতনামা নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে উপজেলার প্রসাদপুর বাজার এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, সকালে মেডিকেল মোড় সংলগ্ন মুক্তিযোদ্ধা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের বসার স্থানে ওই নারীর নিথর দেহ পড়ে থাকতে দেখেন তাঁরা। খবর ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন এক নজর দেখতে ঘটনাস্থলে ভিড় জমান। পরে স্থানীয়দের খবরে মান্দা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
মান্দা থানার ওসি আফজাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "নিহত নারী এই এলাকার নন। এখন পর্যন্ত তাঁর পরিচয় জানা যায়নি। তাঁর শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি।
তিনি আরও জানান, মরদেহ থানায় নিয়ে আসে পরর্বতীতে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে । ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে আশা করছে পুলিশ।
নিহতের পরিচয় শনাক্ত করতে আশপাশের এলাকা ও থানায় খোঁজখবর নেওয়া হচ্ছে।