পোশাকশিল্প খাতে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে কোনো মহল অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে তা কঠোর হস্তে দমন করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, এ ধরনের উসকানিদাতা ও দুষ্কৃতকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
মঙ্গলবার (৩ নভেম্বর) সচিবালয়ে ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে চিংড়িমহাল ব্যবস্থাপনাবিষয়ক আন্তমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
দেশের বিভিন্ন স্থানে পোশাকশ্রমিকদের চলমান আন্দোলন ও কারখানা বন্ধ রাখার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শ্রমিকদের প্রধান দাবিগুলো ইতিমধ্যে পূরণ করা হয়েছে এবং মজুরি বোর্ড গঠিত হওয়ায় শ্রমিকপক্ষও সন্তুষ্ট রয়েছে। এরপরও যারা কারখানা বন্ধ রাখতে উসকানি দিচ্ছে এবং হামলার চেষ্টা করছে, তাদের ছাড় দেওয়া হবে না। বন্ধ থাকা কারখানাগুলো দ্রুত খুলে দেওয়ার ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।
শ্রমিক ও মালিকপক্ষের সঙ্গে আলোচনার কথা তুলে ধরে সালাহউদ্দিন আহমদ বলেন, নিট ও পোশাক খাতের শ্রমিক নেতাদের পাশাপাশি মালিকপক্ষের সঙ্গেও ফলপ্রসূ আলোচনা হয়েছে। বর্তমানে ন্যূনতম মজুরি নির্ধারণের জন্য গঠিত বোর্ডের কার্যক্রম শুরু হয়েছে এবং সেখানে দর-কষাকষির মাধ্যমেই চূড়ান্ত সিদ্ধান্ত আসবে। শ্রমিকদের জীবনমান উন্নত হয়—এমন বিষয় মাথায় রেখে ন্যূনতম মজুরি নির্ধারণের জন্য সরকারও বোর্ডের কাছে অনুরোধ জানিয়েছে।
বর্তমান প্রেক্ষাপটে নতুন করে বিশৃঙ্খলা তৈরির কোনো সুযোগ নেই উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পরাজিত ফ্যাসিবাদী শক্তির সঙ্গে যুক্ত থেকে কোনো কোনো মহল রাজনৈতিক হীনস্বার্থ চরিতার্থ করতে এই অস্থিরতা তৈরি করার পাঁয়তারা করছে। সরকার এটি কোনোভাবেই বরদাশত করবে না।