‎মৌলভীবাজারে নাসিরনগরের সংঘবদ্ধ নারী চোর চক্রের ৫ সদস্য আটক


‎মোঃ সাইফুল ইসলাম, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি, , আপডেট করা হয়েছে : 05-10-2026

‎মৌলভীবাজারে নাসিরনগরের সংঘবদ্ধ নারী চোর চক্রের ৫ সদস্য আটক

‎

‎মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে রোগীদের টার্গেট করে চুরির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ধরমন্ডল এলাকার সংঘবদ্ধ নারী চোর চক্রের ৫ সদস্যকে আটক করা হয়েছে।

‎

‎রোববার (৪ অক্টোবর) দুপুরে হাসপাতালের নাক, কান ও গলা (ইএনটি) বিভাগের বহির্বিভাগ থেকে তাদের আটক করা হয়।

‎

‎আটককৃতরা হলেন- আসমা খাতুন, তানজিলা, তানিয়া ও নাসিমা সহ আরও একজন। তাদের সবার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ধরমন্ডল গ্রামে।

‎

‎হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে এই সংঘবদ্ধ চক্রটি বহির্বিভাগে চিকিৎসা নিতে আসা রোগীদের ভিড়ের সুযোগ নিয়ে স্বর্ণালংকার, মোবাইল ফোন ও নগদ টাকা চুরি করে আসছিল। রোববার ইএনটি বিভাগের বহির্বিভাগে রোগীদের দীর্ঘ লাইনের মধ্যে তাদের সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে অন্যান্য রোগী ও স্বজনদের সন্দেহ হয়। পরে তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়।

‎

‎জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তারা চুরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে হাসপাতাল ও স্থানীয় সূত্র থেকে জানা গেছে। তারা নিয়মিত দলবদ্ধভাবে হাসপাতালে এসে রোগীদের ভ্যানিটি ব্যাগ, মোবাইল ও নগদ টাকা ও স্বর্ণালংকার  টার্গেট করতেন। ঘটনার সময় তাদের কারো কাছেই চিকিৎসা নেওয়ার কোনো টিকিট বা ভাউচার পাওয়া যায়নি।

‎

‎পরে আটককৃতদের স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে হস্তান্তর করা হয়।

‎

‎এ বিষয়ে সদর মৌলভীবাজার সদর হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, হাসপাতালে চিকিৎসা নিতে আসা মানুষ যাতে কোনো প্রতারক বা চোর চক্রের খপ্পরে না পড়েন, সে জন্য নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হচ্ছে। একই সঙ্গে রোগী ও তাদের স্বজনদের ভিড়পূর্ণ স্থানে নিজেদের মূল্যবান জিনিসপত্র সতর্কতার সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।


সম্পাদকমন্ডলীর উপদেষ্টা -বীর মুক্তিযোদ্ধা মোঃ হারুন অর রশিদ, সম্পাদক -মো:এনায়েত হোসেন, সহযোগী সম্পাদক- এইচ এম মানিক

উপ-সম্পাদক- ইঞ্জিনিয়ার গোলাম ফারুক ওবি,বার্তা সম্পাদক- সবুজ ইসলাম, লিগ্যাল এডভাইজার- এডভোকেট শামীমা আক্তার।