বাজিতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু


(কিশোরগঞ্জ) প্রতিনিধি , আপডেট করা হয়েছে : 04-10-2026

বাজিতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু

কিশোরগঞ্জের বাজিতপুরে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত আফতাব উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী রাইসুল ইসলাম সালফি মারা গেছে।


শনিবার (৩ অক্টোবর) বাজিতপুর পৌরসভা কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, সালফি নিজে মোটরসাইকেল চালিয়ে বাজিতপুর বাজার থেকে ভাগলপুরের দিকে যাচ্ছিল। পৌরসভা কার্যালয় সংলগ্ন এলাকায় বিপরীত দিক থেকে কুলিয়ারচর থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে সালফি ছিটকে গিয়ে সড়কের পাশের একটি দেয়ালে পড়ে এবং পরে সিএনজির সঙ্গে আবার ধাক্কা লেগে মাথায় গুরুতর আঘাত পায়।


দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার (৪ অক্টোবর) সকালে তার মৃত্যু হয়।


স্থানীয়দের ভাষ্য, দুর্ঘটনার সময় সালফি সড়কের এক পাশ দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশাটি সড়কের খানাখন্দ এড়াতে পাশ পরিবর্তন করলে সংঘর্ষের ঘটনা ঘটে।


নিহত রাইসুল ইসলাম সালফি বাজিতপুর উপজেলার বলিয়ারদী পুরান বাড়ি এলাকার মো. রফিকুল ইসলাম রোকনের ছেলে। তার মা শিল্পী আক্তার বলিয়ারদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। সালফি ছিলেন তাদের একমাত্র সন্তান।


এ বিষয়ে বাজিতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম শহিদুল্লাহ মুঠোফোনে জানান, সড়ক দুর্ঘটনায় একজন ছাত্রের মৃত্যু হয়েছে। সিএনজিটি থানায় জব্দ আছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


সালফির মৃত্যুতে পরিবার, স্বজন, সহপাঠী, শিক্ষক ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।


সম্পাদকমন্ডলীর উপদেষ্টা -বীর মুক্তিযোদ্ধা মোঃ হারুন অর রশিদ, সম্পাদক -মো:এনায়েত হোসেন, সহযোগী সম্পাদক- এইচ এম মানিক

উপ-সম্পাদক- ইঞ্জিনিয়ার গোলাম ফারুক ওবি,বার্তা সম্পাদক- সবুজ ইসলাম, লিগ্যাল এডভাইজার- এডভোকেট শামীমা আক্তার।