বিজিবির ভাবমূর্তি রক্ষায় বস্তুনিষ্ঠ সাংবাদিকতার আহ্বান
শনিবার (৩ অক্টোবর) এক প্রেস বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট সূত্র এ প্রতিবাদ জানায়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, একজন অভিজ্ঞ, পেশাদার ও দূরদর্শী কর্মকর্তার ব্যক্তিগত সুনাম এবং সীমান্ত রক্ষায় নিয়োজিত সুশৃঙ্খল ও ঐতিহ্যবাহী বাহিনী বিজিবির ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে বিভ্রান্তিকর প্রচারণা চালাচ্ছে।
এতে আরও বলা হয়, দায়িত্ব গ্রহণের পর থেকে বিজিবি মহাপরিচালকের নেতৃত্বে দেশের সীমান্তে শান্তি, নিরাপত্তা ও সার্বিক শৃঙ্খলা জোরদারে বিভিন্ন কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে। আধুনিক প্রযুক্তি, উন্নত সার্ভেইল্যান্স ব্যবস্থা ও ড্রোন প্রযুক্তির ব্যবহারসহ নানা পদক্ষেপের মাধ্যমে সীমান্ত হত্যা, অবৈধ অনুপ্রবেশ, মাদক ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলে বিজ্ঞপ্তিতে দাবি করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষায় বিজিবি কঠোর অবস্থান বজায় রাখার পাশাপাশি প্রতিবেশী দেশের সঙ্গে কূটনৈতিক ও সীমান্ত সম্পর্ক সমুন্নত রেখে বিভিন্ন উসকানিমূলক পরিস্থিতি মোকাবিলা করে আসছে।
এ ছাড়া বিজিবির সদস্য ও কর্মকর্তাদের আবাসন, চিকিৎসাসেবা, সন্তানদের শিক্ষা এবং কর্মপরিবেশের উন্নয়নে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। একই সঙ্গে বাহিনীর প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে প্রশাসনিক গতিশীলতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে বলে দাবি করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যমের গঠনমূলক সমালোচনার অধিকারকে সম্মান জানানোর কথা উল্লেখ করে বলা হয়, বস্তুনিষ্ঠ তথ্য ও সুনির্দিষ্ট প্রমাণ ছাড়া মনগড়া, বিভ্রান্তিকর বা অসত্য তথ্য প্রকাশ পেশাদার সাংবাদিকতার মূলনীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
দেশের সীমান্ত নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় নিয়োজিত একটি গুরুত্বপূর্ণ বাহিনীর নেতৃত্ব ও কার্যক্রম নিয়ে সংবাদ প্রকাশের ক্ষেত্রে তথ্য যাচাই এবং নিরপেক্ষতার ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানানো হয়।
একই সঙ্গে বিজিবির অবদান ও বাহিনীর সদস্যদের দায়িত্ব পালনে আত্মত্যাগের বিষয়টি বিবেচনায় রেখে দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য গণমাধ্যমের প্রতি আহ্বান জানানো হয়েছে।