গাজীপুরের টঙ্গীতে সড়ক দুর্ঘটনায় কৃত্তিবাস দাস (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার (২৬ নভেম্বর) দিবাগত রাত একটার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর কলেজগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত কৃত্তিবাস দাস গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া থানার কাফুলা গ্রামের কৃষ্ণকান্ত দাসের ছেলে। পেশায় ব্যবসায়ী কৃত্তিবাস ঢাকার মোহাম্মদপুরে সপরিবারে থাকতেন।
রাতেই হাসপাতাল থেকে থানার এসআই মোসাব্বির হোসেন লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যান।
পুলিশ জানায়, বুধবার দিবাগত রাতে ব্যবসার কাজ শেষে গাজীপুর থেকে ঢাকার বাসায় ফিরছিলেন কৃত্তিবাস দাস। রাতে ওই এলাকার লোকজন রাস্তার পাশেই তার নিথর দেহ ও ব্যবহৃত মোটরসাইকেলটি পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসানউল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
টঙ্গী পূর্ব থানার ওসি মো. ওয়াহিদুজ্জামান বলেন, পরিবারের সদস্যদের লিখিত আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।