১৭ বছর পর দ্বিমুখী টেস্ট মিশনে ইংল্যান্ড যাচ্ছে বাংলাদেশ, আয়ারল্যান্ডের মুখোমুখি হবে চেমসফোর্ডে


অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 10-11-2026

১৭ বছর পর দ্বিমুখী টেস্ট মিশনে ইংল্যান্ড যাচ্ছে বাংলাদেশ, আয়ারল্যান্ডের মুখোমুখি হবে চেমসফোর্ডে

দীর্ঘ ১৭ বছরের অপেক্ষা শেষে আবারও ইংল্যান্ডের মাটিতে লাল বলের ক্রিকেটে ফিরছে বাংলাদেশ। লর্ডসে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে নির্ধারিত একমাত্র টেস্টের পাশাপাশি সফরের পরিসর আরও বড় করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সফরসূচিতে যুক্ত করা হয়েছে আয়ারল্যান্ডের বিপক্ষে একটি অতিরিক্ত টেস্ট ম্যাচ।

বিসিবি ও আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ডের সমন্বিত আলোচনায় নির্ধারিত এই বাড়তি টেস্টটি অনুষ্ঠিত হবে কাউন্টি দল এসেক্সের হোম গ্রাউন্ড চেমসফোর্ডে। ২০২৩ সালে এই মাঠেই আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলেছিল বাংলাদেশ। তবে ভেন্যুটিতে এটিই হতে যাচ্ছে ইতিহাসের প্রথম আন্তর্জাতিক টেস্ট ম্যাচ।

মূল টেস্ট সিরিজে নামার আগে একটি তিন বা চার দিনের ওয়ার্ম-আপ ম্যাচ খেলবে লাল-সবুজের প্রতিনিধিরা। প্রথমে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) কেবল লর্ডসে একটি টেস্টের প্রস্তাব দিয়েছিল। বিসিবি সেটিকে ওয়ানডে সিরিজে রূপ দেওয়ার চেষ্টা করলেও ইসিবির সূচি জটিলতায় তা সম্ভব হয়নি; পরে আইরিশদের রাজি করিয়ে দ্বিতীয় টেস্টের বন্দোবস্ত করা হয়।

সর্বশেষ ২০১০ সালে ইংল্যান্ডের মাটিতে টেস্ট খেলেছিল বাংলাদেশ। সেই দীর্ঘ বিরতি কাটার আগেই আগামী ফেব্রুয়ারিতে দুই টেস্টের সিরিজ খেলতে বাংলাদেশে আসছে ইংলিশরা। এরপরই পূর্ণাঙ্গ টেস্টের প্রস্তুতি নিয়ে ইংল্যান্ডে উড়াল দেবে টাইগাররা।


সম্পাদকমন্ডলীর উপদেষ্টা -বীর মুক্তিযোদ্ধা মোঃ হারুন অর রশিদ, সম্পাদক -মো:এনায়েত হোসেন, সহযোগী সম্পাদক- এইচ এম মানিক

উপ-সম্পাদক- ইঞ্জিনিয়ার গোলাম ফারুক ওবি,বার্তা সম্পাদক- সবুজ ইসলাম, লিগ্যাল এডভাইজার- এডভোকেট শামীমা আক্তার।