মাগুরা সদর উপজেলার আলোকদিয়া গ্রামে এক অভিনব জুয়ার আড্ডার সন্ধান পেয়ে অভিযান চালিয়েছে পুলিশ। বিএনপি নেতাদের ছবি টাঙিয়ে রাজনৈতিক কার্যালয়ের রূপ দিয়ে পরিচালিত এই আসর থেকে ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
অভিযান সূত্রে জানা গেছে, রোববার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে আলোকদিয়া গ্রামের জাহাঙ্গীর হোসেনের বাড়িতে অভিযান চালায় মাগুরা সদর থানা পুলিশ। বাড়ির মালিক জাহাঙ্গীর তাঁর একটি কক্ষে বিএনপির শীর্ষস্থানীয় নেতা এবং মাগুরা-১ আসনের প্রাক্তন সংসদ সদস্য মনোয়ার হোসেন খানের ছবি টাঙিয়ে রাজনৈতিক কার্যালয়ের আবহ তৈরি করে নিয়মিত জুয়া খেলতেন।
অভিযানকালে ঘটনাস্থল থেকে নগদ ৫০,৪৪০ টাকা এবং জুয়া খেলার নানা সরঞ্জাম উদ্ধার করা হয়। গ্রেফতার ব্যক্তিদের মধ্যে বাড়ির মালিক জাহাঙ্গীর হোসেনও রয়েছেন।
এ ঘটনায় সোমবার মাগুরা সদর থানার উপপরিদর্শক (এসআই) মঞ্জুরুল বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।
মামলা ও গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে মাগুরা সদর থানার ওসি ফারুক আহমেদ জানান, গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে এবং অপরাধ নিয়ন্ত্রণে অপরাধবিরোধী এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অন্যদিকে, বিষয়টিকে অনৈতিক কাজ ঢাকা বা সুযোগ সুবিধা নেওয়ার অপচেষ্টা উল্লেখ করে মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক আলী আহমেদ বলেন, "বিষয়টি সম্পর্কে আমার জানা ছিল না। তবে দলীয় নেতাদের ছবি ব্যবহার করে অপরাধমূলক কর্মকাণ্ড চালানো হলে পুলিশ যেন তাঁদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়।"