বিশ্ব জলবায়ু সম্মেলন (কপ-৩১)-এ অংশগ্রহণের লক্ষ্যে তুরস্ক সফরে যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন। আগামী ১০ নভেম্বর তাঁর তুরস্কের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে। সফরকালে তিনি সম্মেলনে বাংলাদেশের পরিবেশ ও জলবায়ু নীতির তদারকি এবং প্রয়োজনীয় জবাবদিহিতা নিশ্চিতকরণে ভূমিকা রাখবেন। মনিরা শারমিন বর্তমানে দক্ষিণ কোরিয়ায় আয়োজিত ‘আইক্যাপ’ আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিচ্ছেন।
সরকারের কার্যক্রম পর্যবেক্ষণ: বিরোধী রাজনৈতিক শক্তির প্রতিনিধি হিসেবে মনিরা শারমিন সম্মেলনে সরকারের ভূমিকা, জলবায়ু অর্থায়ন, অভিযোজন প্রকল্প এবং আন্তর্জাতিক অঙ্গীকার বাস্তবায়নের অগ্রগতি পর্যবেক্ষণ করবেন।
ক্ষতিগ্রস্তদের অধিকার রক্ষা: জলবায়ু পরিবর্তনের শিকার উপকূলীয় ও ক্ষতিগ্রস্ত জনগণের অধিকার এবং স্বার্থ সুরক্ষিত হচ্ছে কি না, সে বিষয়ে তিনি আন্তর্জাতিক দরবারে দাবি ও জবাবদিহিতা তুলবেন।
গঠনমূলক নীতিপ্রস্তাব: কেবল সমালোচনার মধ্যে সীমাবদ্ধ না থেকে, জনগণের স্বার্থকে গুরুত্ব দিয়ে বাংলাদেশের জলবায়ুনীতিকে আরও কার্যকর, স্বচ্ছ ও জনবান্ধব করতে বিকল্প নীতিপ্রস্তাব ও পর্যালোচনা পেশ করবেন।
মনিরা শারমিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ থেকে তাঁর শিক্ষাজীবন সম্পন্ন করেছেন। পেশাগত জীবনে তিনি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার জলবায়ু ও দুর্যোগ মোকাবিলা প্রকল্পে কাজ করেছেন। এ ছাড়া বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সহযোগী গবেষক হিসেবে গবেষণার অভিজ্ঞতা রয়েছে তাঁর। বর্তমানে তিনি বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সঙ্গে দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু পরিবর্তন বিষয়ক স্বাধীন পরামর্শক হিসেবে কর্মরত আছেন।