হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক অভিযান চালিয়ে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর প্রায় ৩২ লাখ ২ হাজার ৫০০ টাকার অবৈধ পণ্য জব্দ করেছে। গত ৬ ও ৭ নভেম্বর পরিচালিত এসব অভিযানে সিগারেট, নিষিদ্ধ ক্রিম, ই-সিগারেট এবং স্বর্ণালংকার উদ্ধার করা হয়।
রোববার (৮ নভেম্বর) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রথম অভিযান (৬ নভেম্বর): মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের (ফ্লাইট বিজি-৩৮৭) ফ্লাইটে ঢাকায় আসেন সুলতানা রাজিয়া নামের এক যাত্রী। তার ব্যাগেজ তল্লাশি করে ৯০ পিস ই-সিগারেট (ভেপ), ১২ কেজি নিষিদ্ধ গৌরী ক্রিম এবং ১০০ গ্রাম স্বর্ণালংকার জব্দ করা হয়। কাস্টমস কর্মকর্তারা জানান, ব্যাগেজ নিয়ম অনুযায়ী চলতি বছরে এটি তাঁর দ্বিতীয়বার স্বর্ণালংকার আনার ঘটনা হওয়ায় তা জব্দ করা হয়েছে। এর আগে গত ১৩ আগস্টও তিনি স্বর্ণালংকার এনেছিলেন।
দ্বিতীয় অভিযান (৭ নভেম্বর): কাতার থেকে আসা কাতার এয়ারওয়েজের (ফ্লাইট কিউআর-৬৪০) ব্যাগেজ বেল্ট এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ১৬৬ কার্টন সিগারেট জব্দ করেন কাস্টমস গোয়েন্দারা।
জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং দেশীয় আইনে নিষিদ্ধ পণ্যের অবৈধ প্রবেশ রোধে বিমানবন্দর এলাকায় এ ধরনের কড়া নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।