নিকুঞ্জে পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা হাফিজ আহমেদ আটক


নিজস্ব প্রতিবেদক , আপডেট করা হয়েছে : 08-11-2026

নিকুঞ্জে পুলিশের অভিযানে কার্যক্রম  নিষিদ্ধ আ.লীগ নেতা হাফিজ আহমেদ আটক

খিলক্ষেত নিউজ: রাজধানীর খিলক্ষেতের নিকুঞ্জে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত পুলিশের বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা হাফিজ আহমেদকে (৭০) আটক করা হয়েছে।


শনিবার (৭ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে খিলক্ষেতের নিকুঞ্জ-২-এর ১৮ নম্বর সড়ক থেকে তাঁকে আটক করে খিলক্ষেত থানা-পুলিশ।


আটক হাফিজ আহমেদ কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা কমিটির সদস্য। তিনি বরুড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি এবং বরুড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান।


পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে পুনরায় সংগঠিত করার তৎপরতায় যুক্ত থাকার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। 


রাজধানীর বিভিন্ন এলাকায় দলটির ঝটিকা মিছিল আয়োজন ও পরিচালনার পেছনেও তাঁর অর্থায়ন ছিল বলে অভিযোগ উঠেছে। নিষিদ্ধ সংগঠনের সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং রাজপথে ঝটিকা মিছিলের জন্য অর্থের জোগান দেওয়ার অভিযোগে গোয়েন্দা নজরদারির পর তাঁকে আটক করা হয়।


জানা গেছে, হাফিজ আহমেদের স্থায়ী ঠিকানা কুমিল্লার বরুড়া উপজেলার একবাড়িয়া গ্রামে। তাঁর বাবা মৃত মৌলভী আব্দুল গফুর এবং মা মৃত শামসুন্নাহার। দীর্ঘদিন ধরে তিনি রাজধানীর খিলক্ষেতের নিকুঞ্জ-২ এলাকার ২০ নম্বর সড়কের ৩৩ নম্বর বাসায় বসবাস করে আসছিলেন।


এদিকে, নিকুঞ্জের মতো আবাসিক এলাকায় একজন রাজনৈতিক নেতার অবস্থান এবং তাঁর বিরুদ্ধে ওঠা সাংগঠনিক তৎপরতার অভিযোগ স্থানীয়দের মধ্যেও নানা প্রশ্নের জন্ম দিয়েছে।


 বিশেষ করে রাজধানীতে নিষিদ্ধ সংগঠনের গোপন তৎপরতা ও ঝটিকা কর্মসূচির অর্থায়নের অভিযোগ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারির বিষয়টিকে আবারও সামনে এনেছে।


খিলক্ষেত থানা-পুলিশ জানিয়েছে, তাঁর বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।


সম্পাদকমন্ডলীর উপদেষ্টা -বীর মুক্তিযোদ্ধা মোঃ হারুন অর রশিদ, সম্পাদক -মো:এনায়েত হোসেন, সহযোগী সম্পাদক- এইচ এম মানিক

উপ-সম্পাদক- ইঞ্জিনিয়ার গোলাম ফারুক ওবি,বার্তা সম্পাদক- সবুজ ইসলাম, লিগ্যাল এডভাইজার- এডভোকেট শামীমা আক্তার।