কলম্বিয়ায় নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে আবারও বড় ধরনের হামলার ঘটনা ঘটেছে। দেশটির উত্তরাঞ্চলের একটি সামরিক ঘাঁটিতে চালানো ড্রোন হামলায় তিন সেনাসদস্য নিহত এবং অন্তত ১৬ জন আহত হয়েছেন।
শনিবার (৭ নভেম্বর) দেশটির সশস্ত্র বাহিনীর প্রকাশিত এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, সান লুকাস পর্বতমালার পাদদেশে সান্তা রোসা দেল সুর শহরের একটি সেনাঘাঁটিতে এই হামলা চালানো হয়। তবে তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। স্বর্ণসমৃদ্ধ ওই অঞ্চলটি দীর্ঘদিন ধরেই বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠীর সংঘাতের কেন্দ্রস্থল হিসেবে পরিচিত। এই এলাকায় গালফ ক্ল্যান, ন্যাশনাল লিবারেশন আর্মি (ইএলএন) এবং ফার্ক (FARC)-এর বিদ্রোহী উপদলগুলো সক্রিয় রয়েছে।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যায়, বিস্ফোরণের পর ঘাঁটির ওপর দিয়ে ধোঁয়া উড়ছে এবং সেনাসদস্যরা বালুর বস্তার আড়ালে নিরাপদ আশ্রয়ের চেষ্টা করছেন।
এই হামলার তীব্র নিন্দা জানিয়ে কলম্বিয়ার প্রেসিডেন্ট আবেলার্দো দে লা এস্প্রিয়েলা এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক বার্তায় হামলাকারীদের কঠোর পরিণতির হুঁশিয়ারি দিয়েছেন।
গত আগস্টে ক্ষমতা গ্রহণের পর থেকেই প্রেসিডেন্ট দে লা এস্প্রিয়েলা বিদ্রোহী গোষ্ঠীগুলোর সঙ্গে পূর্বের শান্তি আলোচনা স্থগিত করে সামরিক অভিযান জোরদার করেছেন। সরকারের দাবি, পূর্ববর্তী প্রশাসনের যুদ্ধবিরতির সুযোগ নিয়ে সশস্ত্র গোষ্ঠীগুলো গ্রামাঞ্চলে তাদের প্রভাব ও অপরাধমূলক কর্মকাণ্ড বাড়িয়ে দিয়েছে। দেশটিতে সম্প্রতি সহিংসতা বৃদ্ধি পাওয়ার কারণে নিরাপত্তা পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে।