যথাযোগ্য মর্যাদা ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে কুড়িগ্রামে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালন করেছে জেলা বিএনপি। দিবসটি উপলক্ষে শনিবার (৭ নভেম্বর) দুপুর ১২টায় একটি ‘সার্বভৌমত্ব’ র্যালি বের করা হয়।
জেলা বিএনপির কার্যালয় থেকে শুরু হয়ে বর্ণাঢ্য র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ মোড়ে গিয়ে এক সমাবেশে মিলিত হয়। এতে বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের সহস্রাধিক নেতাকর্মী অংশ নেন।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুর বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক। এছাড়া কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ, যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বেবু এবং হাসিবুর রহমান হাসিবসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সভায় বক্তারা ১৯৭৫ সালের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে বলেন, ৩ নভেম্বর সেনাসদরের অস্থিতিশীল পরিস্থিতিতে মেজর জেনারেল জিয়াউর রহমানকে গৃহবন্দী করা হয়েছিল। পরবর্তীতে ৭ নভেম্বর ভোরে সাধারণ সৈনিক ও আপামর জনতা রাজপথে নেমে তাঁকে মুক্ত করেন এবং দেশের সার্বিক দায়িত্ব গ্রহণের পথ সুগম করেন। বক্তারা আরও বলেন, বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথা ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।