রাজধানীর বিমানবন্দর সড়কে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একটি মোটরসাইকেল মিছিল থেকে পুলিশের টহল গাড়িতে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে পুলিশ কনস্টেবল মো. এনামুল আহত হয়েছেন। এ ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে এই নাশকতা ঘটে।
ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বনানীর দিক থেকে প্রায় ৭০-৮০টি মোটরসাইকেলের একটি বহর 'জয় বাংলা' স্লোগান দিয়ে কুড়িল বিশ্বরোডের দিকে যাচ্ছিল। পথিমধ্যে আর্মি গলফ ক্লাবের সামনে ক্যান্টনমেন্ট থানা পুলিশের ‘গলফ ক্লাব-৮৩’ নামের টহল গাড়িটি লক্ষ্য করে ককটেল ছোঁড়ে দুর্বৃত্তরা। এতে গাড়ির চালক কনস্টেবল এনামুলের বাম চোখে গুরুতর আঘাত লাগে।
প্রাথমিকভাবে তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলেও পরবর্তীতে চিকিৎসকদের পরামর্শে আগারগাঁওয়ের জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে।
পুলিশ জানায়, ঘটনার পরপরই অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়েছে এবং তাদের পরিচয় যাচাই-বাছাই করা হচ্ছে। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি রিয়াজ মাহমুদের নির্দেশনায় এই মিছিল বের করা হয়েছিল। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা শুরু হলে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়।
সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে এই হামলার সঙ্গে জড়িত বাকী অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।