আসিফ মাহমুদের রিট: দুদকের সংবাদ সম্মেলনের বৈধতা নিয়ে আদেশের দিন ধার্য ১১ নভেম্বর


অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 04-11-2026

আসিফ মাহমুদের রিট: দুদকের সংবাদ সম্মেলনের বৈধতা নিয়ে আদেশের দিন ধার্য ১১ নভেম্বর

দুর্নীতি ও অর্থপাচারের অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার ঘোষণা দিয়ে দুদকের করা সংবাদ সম্মেলনের বৈধতাকে চ্যালেঞ্জ করে অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার দায়ের করা রিট আবেদনটির শুনানি সম্পন্ন হয়েছে। আগামী ১১ নভেম্বর এ বিষয়ে নিজেদের আদেশ দেবেন হাইকোর্ট।

বুধবার (৪ নভেম্বর) বিচারপতি মো. বশির উদ্দীন ও বিচারপতি মো. হামিদুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আদেশের এই দিন ধার্য করেন।

প্রেক্ষাপট ও আইনি যুক্তি: গত ২ ও ১৩ সেপ্টেম্বর দুদকের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা এবং সহকারী পরিচালক আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতি ও অর্থপাচারের অভিযোগ অনুসন্ধান শুরু এবং পরবর্তীতে প্রাথমিক সত্যতা পাওয়ার কথা জানিয়ে পৃথক দুটি সংবাদ সম্মেলন করেছিলেন। এই সংবাদ সম্মেলনের বৈধতা চ্যালেঞ্জ করেই রিটটি করা হয়।

এর আগে গত ২৯ সেপ্টেম্বর হাইকোর্টের একটি অবকাশকালীন বেঞ্চ রিট আবেদনটি কার্যতালিকা থেকে বাদ দিয়েছিলেন। পরবর্তীতে আদালতের অবকাশ শেষ হলে নতুন করে শুনানির জন্য আবেদনটি পুনরায় আদালতে উপস্থাপন করা হয়।

শুনানিকালে আসিফ মাহমুদের আইনজীবী ইউসুফ আলী আদালতকে জানান, দুদকের এই ধরনের সংবাদ সম্মেলন সংবিধানের ৩১ অনুচ্ছেদে নাগরিকদের যে মর্যাদা ও সুনামের সুরক্ষা দেওয়া হয়েছে, তার পরিপন্থী এবং এটি দুদকের নিজস্ব তথ্য অবমুক্তকরণ নীতিমালারও লঙ্ঘন।

আদালত উভয় পক্ষের শুনানি শেষে আগামী ১১ নভেম্বর চূড়ান্ত আদেশের দিন নির্ধারণ করেছেন।


সম্পাদকমন্ডলীর উপদেষ্টা -বীর মুক্তিযোদ্ধা মোঃ হারুন অর রশিদ, সম্পাদক -মো:এনায়েত হোসেন, সহযোগী সম্পাদক- এইচ এম মানিক

উপ-সম্পাদক- ইঞ্জিনিয়ার গোলাম ফারুক ওবি,বার্তা সম্পাদক- সবুজ ইসলাম, লিগ্যাল এডভাইজার- এডভোকেট শামীমা আক্তার।